১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র কার্যকর করতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান জরুরি: এমপি আল আমিন

গণতন্ত্র কার্যকর করতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান জরুরি: এমপি আল আমিন

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, গণতন্ত্রকে শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে নাগরিক যুব বাংলাদেশ (সিওয়াইবি)-এর আয়োজনে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘গণতন্ত্র, সুশাসন ও জনগণের আস্থা’ শীর্ষক আলোচনায় প্যানেল বক্তা হিসেবে আব্দুল্লাহ আল আমিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য এবং জবাবদিহির চর্চা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে গণতন্ত্র কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি শুধু ইশতেহারে সীমাবদ্ধ না রেখে বাস্তব চর্চায় প্রতিফলিত করতে হবে।

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য শুধু নেতৃত্বের পরিবর্তন যথেষ্ট নয়; পরিবর্তনকে রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করতে হবে। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাওয়া, তাদের কথা শোনা, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করাই সেই পরিবর্তনের বাস্তব পরীক্ষা।

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, নতুন প্রজন্ম এখন সচেতন। তারা রাজনৈতিক দল ও নেতাদের কথার পাশাপাশি তাদের কার্যক্রমও যাচাই করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান চন্দন। প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন আজিজুল বারি হেলাল এমপি, মারদিয়া মমতাজ এমপি, সাবেক নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. আব্দুল আলিম এবং ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।


 

সর্বশেষ

জনপ্রিয়