রূপগঞ্জে ’সেতু থেকে লাফিয়ে’ নিখোঁজ নারী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুর দেড়টার দিকে কাঞ্চন সেতুর ওপর থেকে অজ্ঞাত ওই নারী শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
স্থানীয় লোকজন বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ওই নারীর সন্ধান পাওয়া যায়নি। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।
উদ্ধার অভিযানে নদী থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর কাপড় ও কিছু কসমেটিকস পাওয়া গেছে।





































