মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তুপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী
নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসদাইর পাকাপুল গলিতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের ময়লায় এলাকার একটি পুকুর প্রায় ময়লার স্তুপে পরিণত হয়েছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে ময়লা এনে ওই পুকুরে ফেলা হচ্ছে। এমনকি গভীর রাতে মৃত কুকুর, গরু ও ছাগলও সেখানে ফেলা হয় বলে অভিযোগ তাদের।
তাদের দাবি, ময়লা-আবর্জনা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। বৃষ্টির সময় ময়লা থেকে পোকামাকড় রাস্তায় উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
পুকুরটির আশপাশে হাজারো মানুষের বসবাস। পাশাপাশি ওই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক চলাচল করেন। দীর্ঘদিনের বর্জ্য জমে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলেও দাবি তাদের।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার বাড়িওয়ালারা একটি সোসাইটি গঠন করে পুকুরের ময়লা পরিষ্কার ও চারপাশে টিনের বেড়া দেওয়ার উদ্যোগ নেন। তবে বিএনপির এক বহিষ্কৃত নেতার বাধার কারণে ওই উদ্যোগ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছেন তারা। কাজ বন্ধ হওয়ার পর সেখানে আবারও ময়লা ফেলা শুরু হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, এলাকাবাসী পশ্চিম মাসদাইর পাকাপুল গলির ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে পশ্চিম মাসদাইর পাকাপুল গলির পরিবেশ স্বাভাবিক ও বসবাসের উপযোগী করা হবে।





































