১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে তরুণদের মাথা নত না করার আহ্বান আবদুল

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে তরুণদের মাথা নত না করার আহ্বান আবদুল

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার বলেছেন, আগামী দিনে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মাথা নত না করে দেশের কল্যাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, “আমরা কখনো বলি না যে আপনারা ছাত্রশিবির বা জামায়াতে ইসলামীতে যোগ দেন, কিংবা কোনো প্রার্থীকে ভোট দেন। আমরা বলি—শুধু এসএসসিতে ভালো ফল করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এমপি-মন্ত্রী হওয়াই চূড়ান্ত সাফল্য নয়। এর পাশাপাশি নৈতিক মূল্যবোধ লালন করা এবং পরকালের সাফল্যের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলাই আসল বিষয়।”

দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “বিগত ৫৪-৫৫ বছরে দেশে অনেক যোগ্য নেতৃত্ব এসেছেন। কিন্তু তাদের নৈতিক শক্তি ও ধর্মীয় মূল্যবোধ না থাকায় বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জনগণ ও রাষ্ট্রের সম্পদকে নিজেদের মনে করে তারা আমানতের খেয়ানত করেছেন।”

দায়িত্বশীলদের জবাবদিহিতার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, “আজকে সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র কিংবা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, অনেকেই এটিকে লাভজনক পথ মনে করে পকেট ও সম্পদ ভারী করার প্রতিযোগিতায় মেতে থাকেন। তারা ভুলে যান যে এটি একটি আমানত ও জবাবদিহিতা। মানুষের কাছে জবাবদিহিতার পাশাপাশি পরকালেও সৃষ্টিকর্তার কাছে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। পৃথিবীর কেউ দুর্নীতির খারাপ কাজ না দেখলেও মহান আল্লাহ সবকিছু দেখছেন।”

তরুণদের প্রতি আশাবাদ ব্যক্ত করে আবদুল জব্বার বলেন, “আমরা চব্বিশ-পরবর্তী এমন এক নতুন প্রজন্ম চাই, যারা কষ্ট করে চললেও কোনো অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কাছে কখনো মাথা নত করবে না। নিজেদের যোগ্য ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলে আগামী দিনের একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন।
 

সর্বশেষ

জনপ্রিয়