ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের সচেতনতামূলক কর্মসূচি
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল (খানপুর) প্রাঙ্গণে মশা নিধনে ফগার মেশিন ব্যবহার ও সচেতনতামূলক র্যালি করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, ‘হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসে। সুতরাং এই জায়গাটি ডেঙ্গু মশামুক্ত রাখা উচিত। মশা যেন এই হাসপাতালের ভেতর বিস্তার করতে না পারে এবং কোনো রোগী যেন মশার কারণে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, সেই লক্ষ্যে এখানে যুবদলের কার্যক্রম পরিচালনা করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের নাগরিকদের সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এতেই ডেঙ্গুমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারব। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গীকার, সেটি বাস্তবায়নে যুবদল কাজ করবে।’
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। দেশের অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডকে মাথায় রেখে সরকার কাজ করছে। তেমনি জনসচেতনতামূলক বিভিন্ন কাজও করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও ডেঙ্গুর মহামারি রোধে কাজ করছে।’
তিনি বলেন, ‘আমরা মহানগরের ২৭টি ওয়ার্ডে অনেক আগে থেকেই বিভিন্নভাবে কাজ শুরু করেছি। এর পরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানপুর হাসপাতাল ও আশপাশের এলাকায় মানুষকে সচেতন করার পাশাপাশি যেসব স্থানে ডেঙ্গুর প্রকোপ ও লার্ভা প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান পরিষ্কার করা হচ্ছে।’
কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু,সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, আলী হোসেন সৌরভ, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির প্রমুখ ।
উপস্থিত ছিলেন।





































