শিক্ষা দিবসে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ
শিক্ষা দিবসের ৬৪ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনটির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য রোকন মিয়া ও সংগঠক প্রভাতী আক্তার।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক ও অভিন্ন পদ্ধতির শিক্ষার দাবিতে ছাত্রসমাজের আন্দোলনের ধারাবাহিকতায় মহান শিক্ষা দিবসের চেতনা গড়ে উঠেছে। সেই আন্দোলনে বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ ও সুন্দর আলী প্রাণ দিয়েছেন। স্বাধীনতার পরও শিক্ষাব্যবস্থায় বৈষম্য ও বাণিজ্যিকীকরণ অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, অভিন্ন ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রয়োজন। কিন্তু শিক্ষার বাণিজ্যিকীকরণ, কোচিংনির্ভরতা, পাঠ্যপুস্তকের অসংগতি, শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য, শিক্ষক সংকট, গবেষণায় অনগ্রসরতা এবং শিক্ষার্থীদের ওপর ব্যয়ের চাপ শিক্ষার অধিকারকে সংকুচিত করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা দিবসের শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে শিক্ষাকে মুনাফার পণ্য না করে রাষ্ট্রের দায়িত্বে সর্বজনীন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মতপ্রকাশ, সংগঠন ও গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারী নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে।
তারা শিক্ষা দিবসের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।





































