বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার রোধে ইজিবাইক গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ। এছাড়া ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন ও মো. অলিউল্লাহ উপস্থিত ছিলেন।
অভিযানে সিআইখোলা এলাকার জসিমের মালিকানাধীন ইজিবাইক গ্যারেজে একটি মিটারের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৮ ধারায় গ্যারেজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে বাতানপাড়া এলাকার রাজার মালিকানাধীন ইজিবাইক গ্যারেজে একই ধরনের অনিয়ম পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশের মজিবরের মালিকানাধীন আরেকটি গ্যারেজে বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গোদনাইল চৌধুরীবাড়ি এলাকার সাকিলের মালিকানাধীন গ্যারেজে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৮ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, “বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আজকের অভিযানে চার প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”





































