সিটি করপোরেশনে অন্তর্ভুক্তিতে আগের জনপ্রতিনিধিরা বাধা ছিলেন: আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগরকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার ক্ষেত্রে অতীতে জনপ্রতিনিধিরা বাধা দিয়েছেন। তাদের কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন বলেন, ফতুল্লা ও কুতুবপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সিটি করপোরেশনের আওতায় আসা। এনায়েতনগরবাসীরও এ বিষয়ে দীর্ঘদিনের দাবি ও মতামত রয়েছে। কিন্তু অতীতে যারা এমপি, ইউপি চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারা এ উদ্যোগের পক্ষে ছিলেন না।
তিনি বলেন, ‘এই এলাকার মানুষের বহুদিনের প্রাণের দাবি ছিল নাগরিক সেবা বাড়ানোর জন্য এলাকাটাকে সিটি করপোরেশনের আওতায় আনা। কিন্তু এই অঞ্চলের রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিরা দীর্ঘসূত্রিতা করেছেন এবং জনগণের সঙ্গে এক ধরনের বৈরিতাপূর্ণ আচরণ করেছেন।’
সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে জনপ্রতিনিধিদের ক্ষমতা বা রাজনৈতিক পরিসর কমে যাওয়ার যুক্তি প্রসঙ্গে আব্দুল্লাহ আল আমিন বলেন, কার ক্ষমতা বাড়বে বা কমবে, সেটি বড় বিষয় নয়। জনগণ কতটুকু নাগরিক সেবা পেল, সেটিই মুখ্য।
তিনি বলেন, ‘সংকুচিত বা প্রসারিত হওয়ার কোনো ব্যাপার নেই। জনগণ যেটা চায়, সেটাই হবে। কার কতটুকু ক্ষমতা বা কার কতটুকু স্পেস থাকবে—এর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে নাগরিকরা কতটুকু সেবা পেল।’
সংসদ সদস্য বলেন, ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর এলাকায় ব্যাপক নগরায়ণ ও শিল্পায়ন হয়েছে। কিন্তু এসব এলাকায় ইউনিয়ন পরিষদের গ্রামীণ কাঠামোর মাধ্যমে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। জলাবদ্ধতা, ড্রেনেজ, পানি ও গ্যাসসহ বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর নাগরিক সেবা প্রয়োজন।
তিনি জানান, জনগণের মতামত জানতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কয়েক দফা গণশুনানি করেছে। এসব মতামতের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নকে পূর্ণাঙ্গভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণ যেখানে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হতে চায়, সেখানে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। একইভাবে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারেনি, সেখানে জোর করে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।
জেলা প্রশাসনের সুপারিশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে কাজ করেছেন। সিটি করপোরেশনের আওতায় এলে এসব এলাকার নাগরিক সেবা উন্নত করার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





































