১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশিত: ২১:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আমি আপনাদের আপনজন, হৃদয় দিয়ে কাজ করবো:সিভিল সার্জন সাখাওয়াত

আমি আপনাদের আপনজন, হৃদয় দিয়ে কাজ করবো:সিভিল সার্জন সাখাওয়াত

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এসএম সাখাওয়াত হোসেন বলেছেন, “নারায়ণগঞ্জে আমার নানির বাবার বাড়ি। এখানে আমার মামা, খালা, আত্মীয়রা রয়েছে। আমি তাদের নাম বলব না। শুধু এইটুকু বলব, আমি আপনাদের আপনজন। এই জেলার জন্য আমি আমার হৃদয় দিয়ে চেষ্টা করব। আপনাদের কাছে আমি দোয়া চাইব, আপনারা আমার পাশে থাকবেন।”

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে এইচপিভি টিকা বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক এডভোকেসি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি নারায়ণগঞ্জ জেলারই, আপনাদের সন্তান, আপনাদের একজন ভাববেন। দল-মত নির্বিশেষে আমি একজন সিভিল সার্জন হিসেবে আমার কাজ করব। শুধু ভিক্টোরিয়া নয়, নারায়ণগঞ্জ জেলার তৃণমূল পর্যন্ত প্রতিটা উপজেলায়। প্রতিটা উপজেলাকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, কীভাবে কাজ করতে হবে। আমরা সকলে সম্মিলিতভাবে একযোগে কাজ করব। সরকারের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সকলে আন্তরিকভাবে যার যার লেভেল থেকে যদি কাজ করি, অবশ্যই আমরা আমাদের স্বাস্থ্য চাহিদা পূরণ করব।”

এর আগে এইচপিভি টিকা বিষয়ে তিনি বলেন, “সরকার এ বিষয়কে হাইলাইট করছে। আমাদের আগামী প্রজন্ম রক্ষা করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এটা কারো একক দায়িত্ব না। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি কিশোরী, যারা আগামী দিনের মা, খালা, নানী, দাদী হবে; তাদেরকে রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। আমি নবাবগঞ্জেও এ প্রোগ্রাম করেছি, সেখানে কিছু ইগনোরেন্স ছিল। এটা সম্পূর্ণ হালাল ভ্যাকসিন। বিশ্বের অনেক দেশে এটা এক্সিকিউশন হয়েছে। তাই নির্ভয়ে এই বার্তাগুলিকে প্রচার করবেন; আমাদের বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য। এ ক্ষেত্রে আমাদের সুশীল সমাজ, শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলের সহযোগিতা প্রয়োজন।”

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এস এম সাখাওয়াত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিলারা মাসুদ ময়না, ইউনিসেফ’র ইপিআই স্পেশালিস্ট রিশান্তা মন্ডল, ডব্লিউএইচও প্রতিনিধি ডা. গোলাম মোরশেদ, নাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা আলীসহ শিক্ষক, ইমাম ও স্বাস্থ্যকর্মীরা।


 

সর্বশেষ

জনপ্রিয়