২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই রাজপথে বিএনপি: রাজীব

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই রাজপথে বিএনপি: রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের মূল উদ্দেশ্য দেশের প্রতিটি নাগরিকের কথা বলার স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা করা। রাজপথে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ভয়ের কারণ নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতেই তারা রাজপথে রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুকুল ইসলাম রাজীব বলেন, “দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াইয়ের পর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল সেই গণরায় নস্যাৎ করতে এবং দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র চালাচ্ছে।”

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবেন।

তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে রাজীব বলেন, “বাসে অগ্নিসংযোগের মতো অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বিএনপির নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে সজাগ থেকে সাধারণ মানুষের জানমালের পাহারায় থাকবেন, যাতে কোনো নাগরিক আতঙ্কিত না হন।”

দলীয় নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান দীর্ঘদিন নির্যাতন ও যন্ত্রণা সহ্য করার পরও উসকানিমূলক আচরণ করেননি। তাঁর আদর্শের কর্মী হিসেবে নেতাকর্মীদের বাচনভঙ্গি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম বজায় রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলীয় প্রধান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

পরে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাঢ়া ও কালীবাজার প্রদক্ষিণ করে পুনরায় হোসিয়ারি সমিতির সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়