২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৫৫, শিক্ষার্থীদের ৩০ টাকা নির্ধারণের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৫৫, শিক্ষার্থীদের ৩০ টাকা নির্ধারণের দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিমা সরদার এ দাবি জানান। একই সঙ্গে সরকারি হারের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ আর্থিক হয়রানির শিকার হচ্ছেন।

তাদের ভাষ্য, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জসহ ছয় জেলার অভ্যন্তরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল নির্ধারিত ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে নতুন হারে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল বাবদ ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। অথচ নতুন প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া আদায় শুরু করেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

নেতারা আরও দাবি করেন, আগের কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা হারে ১৯ কিলোমিটারের ভাড়া এবং ফ্লাইওভার টোল মিলিয়ে মোট ৫১ টাকা ১৭ পয়সা হওয়ার কথা ছিল। কিন্তু তখন যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা নেওয়া হয়েছে। তাদের হিসাবে সে সময় যাত্রীপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা অতিরিক্ত আদায় করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণপরিবহন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সহনীয় ভাড়া নিশ্চিত করা জরুরি।

তারা অবিলম্বে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 

সর্বশেষ

জনপ্রিয়