রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমরা আর পেছনের দিকে যেতে চাই না। রক্ত ঝরবে—সেই রাজনীতি আমরা করতে চাই না। যদি সেই রাজনীতি বিএনপি করতে চাইত, তাহলে ৫ আগস্টের পর এই এলাকায় আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকত না।”
ফতুল্লার বক্তাবলী ইটভাটা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মামুন মাহমুদ বলেন, “হাজার হাজার কোটি টাকা মানুষের টাকা আপনারা বিদেশে পাচার করেছেন। জনগণের কাছে মাফ চেয়ে দেখেন, জনগণ যদি মাফ করে দেয়। ১৫ দিনের আন্দোলনে দেড় হাজার তাজা প্রাণ, আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছেন। এই রাজনীতি আর করবেন না—এ কথা বলে মানুষের কাছে মাফ চান।”
তিনি বলেন, “আমরা চেয়েছি সবাই বসবাস করুক। কিন্তু যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে যারা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে সেই জনগণ সংগঠিত হয়ে আপনাদের প্রতিহত করবে।”
আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা কারও খেলার পুতুল হবেন না। আপনাদের দিয়ে ভুল ও ধ্বংসাত্মক রাজনীতি করাতে চায়। সেই রাজনীতির শিকার কেউ হবেন না। আপনারা সুস্থ ধারার রাজনীতি করুন।”
বক্তাবলীকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এ এলাকার মানুষ বিএনপির পাশে থেকেছে। বক্তাবলীর মানুষ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল।
মুক্তিযুদ্ধে বক্তাবলীর মানুষের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “এই এলাকার কৃষক ও সাধারণ মানুষ স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই কারণে পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকে নির্বিচারে মানুষ হত্যা করেছিল। মাত্র কয়েক ঘণ্টায় ১৩৯ জন মানুষকে হত্যা করা হয়েছিল।”
তিনি বলেন, বক্তাবলীর মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনেও বক্তাবলী ও আলীরটেক অঞ্চল থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মামুন মাহমুদ বলেন, “আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখছেন, সেই স্বপ্ন পূরণে আমরা তাঁর পাশে থাকব।”
ইটভাটা মালিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সুবিধা-অসুবিধার কথা আমাদের জানান। এখানে যারা নেতৃবৃন্দ আছি, আমরা সমস্যাগুলো উচ্চতর ফোরামে তুলে ধরব, যাতে আপনারা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।”
পরিবেশের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না বলে তিনি আশা করেন।
জেলা ইটভাটা মালিক সমিতির নেতা মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।





































