২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান আবদুল জব্বারের

সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান আবদুল জব্বারের

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের রহিম মার্কেট বটতলা এলাকায় ইসলামিক এডুকেয়ার একাডেমির ১০ম বর্ষপূর্তি ও হিফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আজ আমরা আমাদের সন্তানদের নতুন করে বিনির্মাণের চেষ্টা করছি। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ—সব জায়গা থেকেই সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।”

সন্তানদের লালন-পালনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সন্তানদের শারীরিকভাবে শাস্তি না দিয়ে ভালোভাবে বুঝিয়ে এবং যথাযথ প্যারেন্টিংয়ের মাধ্যমে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।” সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বক্তব্যে ফিলিস্তিনের শিশুদের প্রসঙ্গও তুলে ধরেন মাওলানা আবদুল জব্বার। তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করেন এবং বায়তুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আবু ইউসুফ পাটওয়ারী বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। “সন্তানের প্রথম পাঠশালা মূলত পরিবার”—উল্লেখ করে তিনি পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হিফজ বিভাগের নতুন ভবনের কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন।

তিনি বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই নৈতিকতা ও মানবিকতা তৈরি হয় না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের মানবিক ও নৈতিক মূল্যবোধ শেখাতে হবে।

এছাড়া বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ ফেরদৌস, মো. মাহাবুব আলম, প্রফেসর মো. আব্দুজ জাহের, মো. মজিবুর রহমান হাওলাদার, এ বি এম সাইফুর রহমান, মো. আনিছুর রহমান ভূইয়া, মো. শাহাআলম, হাজি মো. ইব্রাহিম ও রেদোয়ান হোসেন পাপ্পু প্রমুখ।

আয়োজকরা জানান, আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইসলামিক এডুকেয়ার একাডেমির ১০ম বর্ষপূর্তির অনুষ্ঠান দুটি সেশনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা হামদ, নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করে। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়