২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌযাত্রী পারাপারে, তিন ঘাটে তিন ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌযাত্রী পারাপারে, তিন ঘাটে তিন ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের নৌযাত্রী পারাপারেও। শহর ও বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ নৌঘাটে যাত্রী পারাপারের ভাড়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। নবীগঞ্জ গুদারা ঘাটে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে তা কার্যকর করা হয়নি বলে দাবি করেছে ঘাট কর্তৃপক্ষ। তবে কয়েকজন যাত্রী জানিয়েছেন, মঙ্গলবার তাঁদের কাছ থেকে ৩ টাকা নেওয়া হয়েছে। অন্যদিকে টানবাজার গুদারা ঘাটে নেওয়া হচ্ছে ৩ টাকা, আর বন্দর খেয়াঘাটে ভাড়া রয়েছে আগের মতো ২ টাকা।

নবীগঞ্জে ৩ টাকার ঘোষণা, পরে ২ টাকা

নবীগঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী শীতলক্ষ্যা নদী পারাপার হন। ঘাট ব্যবহারকারীদের অভিযোগ, সোমবার মাইকিং করে মঙ্গলবার থেকে যাত্রীপ্রতি ভাড়া ৩ টাকা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর মঙ্গলবার কয়েকজন যাত্রীর কাছ থেকে ৩ টাকা করে নেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে ২ টাকা করেই ভাড়া নেওয়া হচ্ছে।

বাসন্তী নামের এক যাত্রী বলেন, ‘মঙ্গলবার আমার কাছ থেকে ৩ টাকা ভাড়া নেওয়া হয়েছে। অতিরিক্ত ১ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ঘাটের লোকজন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা জানিয়েছিলেন।’

নির্মাণশ্রমিক দুলাল মিয়া ও মেরামতের কাজ করা মোহাম্মদ মতিউর রহমানও মঙ্গলবার ৩ টাকা ভাড়া দেওয়ার কথা জানান। তবে বুধবার থেকে আবার ২ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানান তাঁরা।

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে নবীগঞ্জ ঘাটের দায়িত্বে থাকা জুয়েল মিয়া বলেন, ‘মাইকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেওয়ার বিষয়টি সত্য। তবে ঘোষণার পরদিন থেকে ৩ টাকা করে নেওয়া হয়েছে এ কথা ঠিক নয়। দেশে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর আমরা যাত্রীপ্রতি ৩ টাকা নেওয়ার কথা চিন্তা করেছিলাম। পরে যাত্রীদের কথা বিবেচনা করে তা কার্যকর করিনি।’

তিনি বলেন, ‘এটা তো আমার ব্যক্তিগত সম্পদ নয়, জনসাধারণের জন্য। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের একটি অপশন দেখাতে হয়। আমরা অতিরিক্ত টাকা নিইনি। যারা এমন তথ্য দিয়েছেন, তাঁরা ভুল তথ্য দিয়েছেন।’

এ সময় ঘাটের ইজারাদার আবুল হোসেন রিপন তাঁর ফেসবুকে দেওয়া একটি পোস্ট দেখান। সেখানে নবীগঞ্জ গুদারা ঘাটের ভাড়া ২ টাকা উল্লেখ করা হয়েছে।

টানবাজারে ভাড়া ৩ টাকা

টানবাজার গুদারা ঘাটে বর্তমানে যাত্রীপ্রতি ৩ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। ঘাটটির ইজারাদার মো. সালাউদ্দিনও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘চার থেকে পাঁচ মাস আগে এক দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর আমরা ভাড়া ৩ টাকা করার সিদ্ধান্ত নিই। পরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর ভাড়া কমিয়ে ২ টাকা করা হয়।’

বর্তমানে ৩ টাকা নেওয়া হচ্ছে কেন এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘কেউ ৩ টাকা দিচ্ছেন, কেউ ২ টাকা দিচ্ছেন। আমরা কাউকে জোর করছি না।’

তবে ঘাট ব্যবহারকারী কয়েকজন যাত্রী জানান, বন্দর ঘাটে ২ টাকা নেওয়া হলেও টানবাজার ঘাটে তাঁদের কাছ থেকে ৩ টাকা করেই নেওয়া হচ্ছে।

নিরাপত্তারক্ষী সুভাষ বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এর মধ্যে ১ টাকা বাড়তি নেওয়াও মানুষের জন্য অনেক কিছু।’

পোশাকশ্রমিক নারগিস আক্তার বলেন, ‘তিন মাস ধরে এই ঘাটে ৩ টাকা করে ভাড়া দিচ্ছি। অন্য ঘাটে ২ টাকা করে নেয়, এখানে ১ টাকা বেশি নেওয়া হচ্ছে।’

বন্দর ঘাটে আগের ভাড়াই

অন্যদিকে বন্দর খেয়াঘাটে যাত্রীপ্রতি আগের মতো ২ টাকা করেই ভাড়া নেওয়া হচ্ছে। ঘাটটির ইজারাদার মামুন খান।

ঘাটের দায়িত্বে থাকা মহানগর কৃষক দলের সহসভাপতি সালেহ আহমেদ রনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন জায়গায় বেশি ভাড়া নেওয়ার কথা শুনছি। তবে এই ঘাটে ভাড়া বাড়ানো হয়নি। জাকির খানের নির্দেশ কোনো ধরনের ভাড়া বাড়ানো হবে না। জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সব মিলিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর একই শীতলক্ষ্যা নদী পারাপারে তিন ঘাটে ভাড়ার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নবীগঞ্জে ৩ টাকার ঘোষণা দেওয়া হলেও বুধবার নেওয়া হচ্ছে ২ টাকা, টানবাজারে নেওয়া হচ্ছে ৩ টাকা এবং বন্দর খেয়াঘাটে ভাড়া রয়েছে ২ টাকা।

সর্বশেষ

জনপ্রিয়