২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ মানুষের পেটে লাথি মারছেন, এর নাম কি সরকার: কবির হোসেন

সাধারণ মানুষের পেটে লাথি মারছেন, এর নাম কি সরকার: কবির হোসেন

জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ানোর সমালোচনা করে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন বলেছেন, ‘অল্প সময়ের মধ্যে সতর্ক হয়ে যান। এমন জায়গায় হাত দিয়েছেন সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, দিনমজুর; তাদের পেটে লাথি মারছেন। এর নাম কি সরকার?’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল কলোনির ডিআইটি মসজিদের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

হাফেজ কবির হোসেন বলেন, ‘আমরা ১৬ বছর মেহনত করার পরে আশা করেছিলাম, একটা নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, জনগণ স্বস্তি পাবে। কিন্তু নির্বাচনের পরে দেখলাম কী? নির্বাচন শুরু করেছে ভদ্রলোকরূপী শয়তান, শিক্ষিত শয়তান। তারা ইঞ্জিনিয়ারিং করে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদের জন্মই যখন অবৈধ, তাদের কর্মকাণ্ড বৈধ হবে? মানুষকে কষ্ট দেওয়াই হচ্ছে তাদের কাজ।’

স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বৈরাচারকে যখন সরাতে পেরেছি, আমরা শিখে ফেলেছি কীভাবে স্বৈরাচারকে দেশ থেকে তাড়াতে হয়। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়ে তাদের প্রতিরোধ ও প্রতিহত করা শিখেছি। কেউ আমাদের রুখতে পারবে না। অল্প সময়ের মধ্যে সতর্ক হয়ে যান।’

বিগত ও বর্তমান সরকারের সমালোচনা করে কবির হোসেন বলেন, বিগত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ছিল। বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিল, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি করেছে।’

মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, ‘মন্ত্রীরা চিন্তা করে, চুরি-ছিনতাই রাস্তাঘাটে আমাদের করা সম্ভব না। মন্ত্রী হয়ে আমরা কী করব? আইনের কলম ধরে জনগণের পকেট কেটে সেই টাকা আইনের মাধ্যমে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘দেশে চুরি-ছিনতাইয়ের বিচার হয়। কিন্তু মন্ত্রীরা কলমের খোঁচায় পকেট কাটে, ওই ছিনতাইকারীদের বিচার হয় না।’

সমাবেশে অন্য বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ জানান তারা। বাজার মনিটরিং জোরদার এবং শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবিও জানানো হয়।

খেলাফত মজলিস মহানগরের সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়