পাসপোর্ট করতে দালাল ধরবেন না: আফজাল হোসেন পন্টি
নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে কোনো দালালের শরণাপন্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। একই সঙ্গে পাসপোর্ট অফিসে অহেতুক ভুল ধরে কোনো কর্মকর্তা দালালের কাছে যেতে বাধ্য করলে বিষয়টি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
আফজাল হোসেন পন্টি লিখেছেন, পাসপোর্টের আবেদন করতে কোনো দালাল ধরার প্রয়োজন নেই। যেকোনো কম্পিউটার কম্পোজের দোকানে গেলে ২০০ থেকে ৩০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে আবেদন ও টাকা জমা দেওয়ার কাজ করে দেওয়া হয়। এরপর আবেদনপত্র নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত পাসপোর্ট অফিসে জমা দিয়ে ছবি তোলা যাবে।
তিনি আরও জানান, দালাল ছাড়া নিজে আবেদনপত্র পূরণ করে নিয়ে যাওয়ার পর সেটি জমা না রাখলে পাসপোর্ট অফিসের দ্বিতীয় তলায় বসা উপপরিচালককে বিষয়টি জানানো যাবে। পাশাপাশি তাকে মেসেঞ্জার বা ফেসবুক পোস্টের কমেন্টেও বিষয়টি জানানোর কথা বলেছেন তিনি।
পাসপোর্ট অফিসের বর্তমান উপপরিচালক আবু নাঈম মাসুমের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে পন্টি লিখেছেন, উপপরিচালক তাকে নিশ্চিত করেছেন যে পাসপোর্ট অফিসে আসা কোনো ব্যক্তিকে ফাইল জমা না রেখে ফেরত পাঠানো হয় না। আবেদনকারীর কাগজপত্রে কোনো ভুল থাকলে সেটি সংশোধন করে ফাইল জমা নেওয়া হয়।
পন্টি আরও লিখেছেন, “অহেতুক খুঁত ধরে দালালের কাছে যেতে যদি কোনো কর্মকর্তা বাধ্য করে তাহলে আমাকে জানান।”





































