১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল মঞ্চে কানাডাপ্রবাসী নারায়ণগঞ্জের দম্পতির ছেলে

বিশ্বকাপ ফুটবল মঞ্চে কানাডাপ্রবাসী নারায়ণগঞ্জের দম্পতির ছেলে

কানাডাপ্রবাসী নারায়ণগঞ্জের দম্পতি সুমন ওয়ালি ও নিপু ওয়ালির ৯ বছর বয়সী ছেলে আয়ান ওয়ালি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে অনন্য এক গর্বের মুহূর্তের অংশ হয়েছে।

গত ২৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কানাডা ও সুইজারল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক ফুটবল ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশকারী শিশুদের একজন ছিল আয়ান। আয়ান ছিল ওই ম্যাচে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান শিশু।

প্রায় ৫৬ হাজার দর্শকপূর্ণ স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে আয়ানের মাঠে প্রবেশের দৃশ্য পরিবারসহ বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল গর্বের একটি মুহূর্ত।

আয়ানের বাবা সুমন ওয়ালির পরিবার প্রায় ৪০ বছর ধরে কানাডায় বসবাস করছে। তবে তাদের শিকড় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায়। পরিবারটির সদস্যরা জানান, আয়ানকে খেলোয়াড়দের সঙ্গে মাঠে হাঁটতে দেখে মনে হয়েছে, যেন বাংলাদেশের প্রতিনিধিত্বও সেখানে উপস্থিত ছিল।

পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও আয়ান খেলাধুলা ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের মাধ্যমে বাংলাদেশ ও নারায়ণগঞ্জের নাম উজ্জ্বল করবে।

সর্বশেষ

জনপ্রিয়