দুই বিসিএসে কৃতিত্ব, প্রশাসনে ডাক পেলেন রূপগঞ্জের ডা. রায়হান
ছোটবেলা থেকেই আকাশছোঁয়া স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কুশাব গ্রামে জন্ম নেওয়া তরুণ চিকিৎসক ডা. রায়হান আহমেদ।
তিনি একই সঙ্গে ৪৫তম ও ৪৬তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে আলোচনায় এসেছেন। সর্বশেষ অর্জন হিসেবে তিনি ৪৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের ভাইভায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যা তার কর্মজীবনে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
ডা. রায়হান আহমেদের বাবা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবু বকর সিদ্দিক এবং মা রিনা পারভীনের প্রত্যাশা ও দোয়ার পাশাপাশি এই সাফল্যের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন তার স্ত্রী ডা. মানসুরা জাহান। তিনি বর্তমানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত রয়েছেন।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন ডা. রায়হান আহমেদ। সব পাবলিক পরীক্ষায় তিনি ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেন।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা আবু বকর সিদ্দিক বলেন, “রায়হান শুধু আমাদের সন্তান নয়, সে পুরো এলাকার গর্ব। তার জন্য সবার কাছে দোয়া চাই, যেন অর্জিত জ্ঞান দিয়ে মানুষের প্রকৃত সেবা করতে পারে।”
ডা. রায়হানের এ সাফল্যে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডা. রায়হান আহমেদ বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।”
দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রূপগঞ্জের এই কৃতি সন্তান আগামী দিনে দেশের স্বাস্থ্যসেবা কিংবা প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবেন- এমন প্রত্যাশাই এলাকাবাসীর।





































