২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আমরা একটু টেন্ডারবাজি কম করি: সাখাওয়াত রানা

আমরা একটু টেন্ডারবাজি কম করি: সাখাওয়াত রানা

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, বিএনপির নেতাকর্মীদের টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে আরও সতর্ক হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘আমাদেরও কিছু ভালো কাজ করতে হবে। আমরা একটু টেন্ডারবাজি কম করি। আওয়ামী লীগের এসব দোসরকে সাইড না দিই। তাদের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য অনেক বিএনপির আত্মীয়স্বজন চালাচ্ছেন।’

তিনি বলেন, ‘তারা কীভাবে সেই টাকাগুলো জোগান দিচ্ছেন, তাদের ফেলে যাওয়া কন্ট্রাক্টের কাজগুলো কীভাবে বিএনপির লোকজন করছেন, এটা আসলে দুঃখজনক।’

গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে রানা বলেন, ‘এসব সঠিক তথ্য প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া হোক। কারণ এই অর্থই যাতে আমাদের কাল হয়ে না দাঁড়ায়। হয়তো টাকার জন্য আমরা অনেক কিছু করে ফেলব, কিন্তু ৫০০ জনের জন্য অনেক কিছু করে সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এতদিন আওয়ামী লীগকে বলেছি, আমরা মাফ করে দিয়েছি। বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে। কিন্তু মানুষের জানমালের ক্ষতি করলে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসব। কোনো ছাড় হবে না, এক চুল পরিমাণ ছাড়ও আমরা দেব না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা চাই, আইন নিজের হাতে তুলে নিতে চাই না।’

সর্বশেষ

জনপ্রিয়