ত্বকী হত্যার ১৬৪ মাস, বিচারের দাবিতে আলোক প্রজ্বালন রোববার
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস পূর্ণ হয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ তাকে হত্যা করা হয়। দীর্ঘ সময়েও এ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে প্রায় সাড়ে ১১ বছর ত্বকী হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বন্ধ ছিল। সরকার পরিবর্তনের পর বিচারপ্রক্রিয়া আবার শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকারের মেয়াদ আট মাস অতিক্রম করলেও মামলার অভিযোগপত্র এখনো আদালতে জমা দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ত্বকী হত্যা ও বিচারহীনতা রাষ্ট্রের বৈষম্যমূলক বিচারব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।
ত্বকী হত্যার ১৬৪ মাস উপলক্ষে ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৮ নভেম্বর (রোববার) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।





































