০৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ৬ নভেম্বর ২০২৬

ঢাকায় চার দিনব্যাপী শৌখিন মাছের মেলা শুরু

ঢাকায় চার দিনব্যাপী শৌখিন মাছের মেলা শুরু

রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো ২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন আজাদ ফিসারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব। এ সময় আয়োজক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও শৌখিন মাছপ্রেমীরা উপস্থিত ছিলেন।

মেলায় ৬০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির শৌখিন মাছ প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মাছের দাম ৫০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। মাছের পাশাপাশি স্টলগুলোতে রয়েছে অ্যাকুরিয়াম, পানি পরিশোধনের যন্ত্র, মাছের খাবার, জলজ উদ্ভিদ ও অ্যাকুয়াস্কেপিংয়ের সরঞ্জাম।

মেলায় ফ্লাওয়ারহর্ন, গোল্ডফিশ, গাপ্পি, মলি ও বেটা মাছের সৌন্দর্য ও গঠন নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে হার্ডস্কেপ ও অ্যাকুয়াস্কেপিং প্রতিযোগিতাও। এসব প্রতিযোগিতায় দেশি-বিদেশি বিচারকেরা অংশ নিচ্ছেন। এ ছাড়া দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিনা মূল্যে সামুদ্রিক অ্যাকুরিয়াম স্থাপনের সরাসরি প্রদর্শনী থাকছে।

তাজুল ইসলাম রাজিব বলেন, শৌখিন মাছ পালন ও অ্যাকুয়াস্কেপিং জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশের অ্যাকুরিয়াম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলা এ আয়োজনের লক্ষ্য।

মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

সর্বশেষ

জনপ্রিয়