নাসিকের নামে অনুমোদনহীন নোটিশের অভিযোগ ওয়ার্ড সচিবের বিরুদ্ধে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাম ব্যবহার করে গাছপালা অপসারণ ও ছাঁটাইয়ের নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে ২৪ নম্বর ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিকের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, জমির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষকে সুবিধা দিতে এ নোটিশ দেওয়া হয়েছে। তবে সচিব বলেছেন, স্থানীয়দের অনুরোধে সিটি করপোরেশনের জায়গা পরিষ্কারের জন্য চিঠি পাঠিয়েছেন তিনি।
এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২৪ নম্বর ওয়ার্ডের কাইতালী এলাকার বাসিন্দা শেখ হাফেজ মাহমুদের নামে নোটিশটি পাঠানো হয়। এতে আরসিসি ড্রেনের ওপর ও রাস্তার পাশের গাছপালা অপসারণ এবং ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়। নোটিশে ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিকের স্বাক্ষর রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর চাপ সৃষ্টি করতে নোটিশটি দেওয়া হয়েছে। প্রতিপক্ষকে সুবিধা দিতে গাছপালা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি সিটি করপোরেশনে লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ওয়ার্ড সচিব রিহাদুর রহমান অনিক বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জমি নিয়ে বিরোধের বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। স্থানীয়দের অনুরোধে সিটি করপোরেশনের জায়গা পরিষ্কার করার জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে তিনি নিজে ঘটনাস্থলে যাননি বলে জানান।
অনিকের দাবি, ওয়ার্ড সচিব হিসেবে দায়িত্ববোধ থেকে চিঠি দেওয়া হয়েছে। ব্যক্তিগত জমির বিরোধে কারও পক্ষ নেওয়ার উদ্দেশ্য ছিল না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, সিটি করপোরেশনের নাম ব্যবহার করে এ ধরনের নোটিশ দেওয়ার এখতিয়ার কারও নেই। কোনো ওয়ার্ড সচিব নোটিশ দিলে অবশ্যই তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি বলেন, ‘কী কারণে সে এটা করেছে, তা আমার জানা নেই। তবে যেহেতু ভুক্তভোগী আবেদন করেছেন, সেহেতু আমরা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’





































