আজমেরী ওসমানের সহযোগী আক্তার নূর আটক
নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিবির পরিদর্শক নজরুল ইসলাম।
তিনি বলেন, আক্তার নূর সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে অভিযুক্ত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আক্তার নূরের বিরুদ্ধে শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আক্তার নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমান নিজেও মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীসহ অসংখ্য হত্যা মামলায় অভিযুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আজমেরী ওসমান ও তার সহযোগীরা অনেকেই আত্মগোপনে চলে যায়।





































