বন্দরে বিএনপির তিন অসুস্থ নেতাকর্মীর খোঁজ নিলেন এমপি আবুল কালাম
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির তিন অসুস্থ নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশুবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন এবং বিএনপির কর্মী নাসির উদ্দিনের বাড়িতে যান। এ সময় তিনি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, মেয়ে সামনূর বাঁধন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নাজমুল হক রানা গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন। মেজবাহ উদ্দিন স্বপন গত ১১ অক্টোবর স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বপন রাজধানীর পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাঁকে দেখতে গিয়েছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। সে সময় তিনি স্বপনের চিকিৎসায় প্রয়োজনে সংসদ সদস্যের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।





































