রূপগঞ্জে পুলিশ সদস্যের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে নির্জন বিলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর ওপর এ হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
অভিযোগে দাবি করা হয়, আবুল কালাম দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। কয়েক দিন আগে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শাহাদাত ও এমদাদুল নামে দুজনকে তিনি পুলিশে ধরিয়ে দেন। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তাঁর সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন আবুল কালামকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আমরা শুনলাম মাদক ও পূর্ব শত্রুতার বিষয়ে এই হামলার ঘটনা ঘটেছে। তবে সে আমাদের রূপগঞ্জের নয়। বাহিরের এখানে তার বাড়ি। সে এপিবিএন-এর সদস্য ছুটিতে এসেছে নাকি চাকুরি নেই সেবিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। এদিকে রূপগঞ্জ থানায়ও এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি বলে যোগ করেন তিনি। তবে অভিযোগ পেলে সেই অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।





































