সিলগালা করা হোটেলে আবার কার্যক্রম, ভাঙচুর চালালেন এলাকাবাসী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলগালা করে দেওয়া একটি আবাসিক হোটেলে আবার কার্যক্রম চালানোর অভিযোগে ভাঙচুর করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় হোটেল শীতলক্ষ্যা আবাসিকে (সাবেক সাজেদা হাসপাতাল) এ ঘটনা ঘটে। সময় হোটেল থেকে ১২ নারী ও ১৪ পুরুষকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে হোটেলটির ব্যবস্থাপক মিঠুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ৪০ থেকে ৫০ জন বাসিন্দা সেখানে উপস্থিত হয়ে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় বাসিন্দারা হোটেল থেকে আটক ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসীর অভিযোগ, এর আগেও হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালানো হয়েছিল। কিছুদিন আগে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়। ওই সময় হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছিল।
সিলগালা করার পরও কীভাবে হোটেলটিতে কার্যক্রম চলছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কলেও সাড়া পাওয়া যায়নি।
তবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যাক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত।





































