২২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৭:০২, ২২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় ফকির জহির রহমান (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

নিহত জহির পাশের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ওসি জানান, জহিরের বাড়ি আড়াইহাজারে হলেও কয়েক বছর ধরে তিনি মুন্সিগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।

প্রাথমিক তদন্তের তথ্য উল্লেখ করে ওসি বলেন, বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির। পথে দুর্বৃত্তরা তাঁকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের অভিযোগ, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর মামার দ্বন্দ্ব ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি আব্দুল বারিক। তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়