০৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা, সদর উপজেলা ও বন্দর উপজেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। তাঁদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সন্তানরাও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে কর্মসূচিতে যোগ দেন।

জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, জেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম, পাইকপাড়া ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহমেদ, সদর কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আনোয়ার হোসেন ও সফর উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জসিম তোতা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ অনেকে।

মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। অথচ স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাঁদের অভিযোগ, পিরোজপুরের মানিক পশারীর জানাজা ও দাফনে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে কর্মসূচিতে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নেতা এস. আলম রাজীব। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি, ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি এবং রাজনৈতিক ট্যাগিংয়ের চর্চা বন্ধ হওয়া উচিত। দেশে নৈরাজ্য, নাশকতা ও গুজবের বিরুদ্ধে তাঁরা সতর্ক থাকবেন বলেও জানান তিনি।

কর্মসূচিতে এস. আলম রাজীবের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, মনোয়ার খান রাজীব, স্বপন মাহমুদ রায়হান, রাশেদুল ইসলাম, মো. শাকিল হোসেন ও মো. সোহেলসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়