সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের অপরাধে অতিষ্ঠ এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভটিজিংসহ কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন গোদনাইল শান্তিনগর এলাকার বাসিন্দারা। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে শান্তিনগর বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, শান্তিনগর এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি, বাসাবাড়িতে চুরি, রাস্তাঘাটে ছিনতাই, ভাড়াটিয়াদের কাছে চাঁদা দাবি, হুমকি-ধমকি, ফিটিং বাণিজ্য ও ইভটিজিংয়ের মতো ঘটনা নিয়মিত ঘটছে। এসব কর্মকাণ্ডে জড়িত স্থানীয় কিছু চিহ্নিত অপরাধী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।
তাঁরা জানান, দুই দিন আগেও এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া ভাড়াটিয়াদের কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের নিয়মিত টহল নেই বললেই চলে। ফলে অপরাধীরা নির্বিঘ্নে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করেন।
এদিকে শান্তিনগর এলাকার বাসিন্দারা এসব অপরাধের বিবরণ তুলে ধরে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।





































