নারায়ণগঞ্জ কলেজে বাস সার্ভিস চালু, ছাত্র ফেডারেশনের ধন্যবাদ
নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব বাস সার্ভিস চালু করায় কলেজের গভর্নিং বডি ও অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে অচল বাস সচল করা এবং নিয়মিত বাস সার্ভিস চালু করা ছিল ছাত্র ফেডারেশনের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি। এ দাবি আদায়ে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি ও দাবি জানিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর অচল বাস দ্রুত সচল করাসহ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চার দফা দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও ছাত্র ফেডারেশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন ও গভর্নিং বডি দ্রুত অচল বাস সচল এবং নিয়মিত বাস সার্ভিস চালুর যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। এ উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষাজীবনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো কল্যাণমূলক ও যৌক্তিক দাবির বিষয়ে কলেজ প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাস সার্ভিসের সুষ্ঠু ব্যবস্থাপনা, রুট নির্ধারণ ও সার্বিক তদারকির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।





































