বন্দরে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষণা
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও সাতটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর বন্দর জনতা ক্লাব মাঠে বন্দর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও আল্লাহভীরু মানুষদের নির্বাচিত করতে হবে।
সম্মেলনে চেয়ারম্যান পদে বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকীকে প্রার্থী ঘোষণা করা হয়।
এ ছাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে মো. সুমন, ৭ নম্বর ওয়ার্ডে আল হেলাল, ৮ নম্বর ওয়ার্ডে আবু তালিব এবং ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল জব্বার ওরফে আব্দুল আজিমকে সদস্য পদে প্রার্থী ঘোষণা করা হয়।
বন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য সামসুদ্দোহা, মাওলানা রেজাউল করিম, মো. ইসরাইল, রেজাউল করিম রাজা, মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাউছার আলম, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, সুমন রানা ও আল-আমিনসহ অন্যরা।
সম্মেলনে বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





































