০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ৩১ অক্টোবর ২০২৬

শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া গতিতে চলা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের চাপায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে শহরের চারারগোপ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরোজ আল মামুন।

নিহত রিকশা চালকের নাম আতিক বলে জানিয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সী আতিক গাইবান্ধার বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আউয়ালের ছেলে মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী থানার নাজিপুর গ্রামের ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুর খিলমার্কেটের ওহাদ আলী মাদবরের ছেলে মো. মোজাম্মেল (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করা উৎসব ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। শহরের ভেতরে চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।

“বাসের সজোরে ধাক্কায় রিকশাগুলো পুরোপুরি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাচালক ও পথচারীরা আহত হন,” বলেন এসআই মামুন।

গুরুতর আহত আতিককে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

আহত শাওন বলেন, তিনি বরিশাল থেকে ট্রলারে কাঠ নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। দুর্ঘটনায় তিনি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

সদর থানার এসআই সিরোজ আল মামুন বলেন, “ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়