৭ নভেম্বর কারখানায় ছুটি দিতে বিকেএমইএর অনুরোধ
শ্রম পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনায় শনিবার (৭ নভেম্বর) নিজ নিজ কারখানায় ছুটি ঘোষণার জন্য সদস্যদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৮ ধারা অনুযায়ী শিল্পকারখানায় এ ছুটি বাধ্যতামূলক নয় বলে চিঠিতে উল্লেখ করেছে বিকেএমইএ।
সংগঠনটি জানিয়েছে, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি, সম্ভাব্য শ্রম অসন্তোষ এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় এ অনুরোধ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার কথা চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ২ থেকে ৪ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিন বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এর মধ্যে ৩ ও ৪ নভেম্বর পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। দুই দিনের ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করেছে।
প্রথম মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। পরের মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলার এজাহারে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে পুলিশ।





































