০৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০৯, ৩ নভেম্বর ২০২৬

আমজাদ স্মরণে বিসিকে শ্রমিক সংগ্রাম পরিষদের সমাবেশ মজুরি বৃদ্ধির দাবি

আমজাদ স্মরণে বিসিকে শ্রমিক সংগ্রাম পরিষদের সমাবেশ মজুরি বৃদ্ধির দাবি

গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ আমজাদ হোসেন কামাল স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় ফতুল্লার বিসিক শিল্পনগরীতে পেনটেক্স ড্রেস লিমিটেডের সামনে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহীদ আমজাদ হোসেন কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, জেলা সভাপতি রাশিদা বেগম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস।

বক্তারা বলেন, আট ঘণ্টা কর্মদিবস, ওভারটাইমে দ্বিগুণ মজুরি ও বছরে দুটি উৎসব ভাতাসহ ১৮ দফা দাবিতে ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লার বিসিক শিল্পনগরীতে পেনটেক্স ড্রেস লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় মালিকপক্ষের ইন্ধনে পুলিশ গুলি চালালে কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহত হন এবং দুই শতাধিক শ্রমিক আহত হন।

তারা আরও বলেন, এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। গড়ে ওঠে অভূতপূর্ব শ্রমিক অভ্যুত্থান। আন্দোলনের মুখে মালিকপক্ষ শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে দাবি মেনে নেওয়ার চুক্তি করতে বাধ্য হয়। এরপর থেকে প্রতিবছর ৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম ও দারিদ্র্য বাড়ছে, পাশাপাশি বন্ধ হচ্ছে কারখানা এবং চাকরিচ্যুত হচ্ছেন হাজার হাজার শ্রমিক। পে-স্কেল ঘোষণা হলেও শ্রমিকদের আয় ও মজুরি বাড়েনি। এ অবস্থায় মজুরি বৃদ্ধির দাবিতে সারা দেশে শ্রমিক আন্দোলন জোরদার হচ্ছে। আন্দোলনের মুখে ১ নভেম্বর গার্মেন্টস খাতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। নিত্যপণ্যের উচ্চমূল্য ও পে-স্কেল বিবেচনায় নিয়ে দ্রুত শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান তারা।

তারা আরও বলেন, সরকার নতুন শ্রম আইন সংশোধন করেছে এবং বিধিমালা সংশোধনের কাজ চলছে। তবে শ্রম আইনে এখনো শ্রমিকস্বার্থবিরোধী ধারা বহাল রয়েছে। এসব ধারা বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে আগামী ৬ নভেম্বর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আমজাদ হোসেন কামাল স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়