০৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ৪ নভেম্বর ২০২৬

সকালে এসে দেখেন দোকানে নতুন তালা, নেই ২৫ লাখ টাকার মোবাইল

সকালে এসে দেখেন দোকানে নতুন তালা, নেই ২৫ লাখ টাকার মোবাইল

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হক প্লাজার একটি মোবাইল ফোনের দোকান থেকে ৫২টি স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে। দোকান মালিকের দাবি, চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

বুধবার (৪ নভেম্বর) সকালে হক প্লাজার দ্বিতীয় তলায় ‘ফোন এক্সচেঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন এর স্বত্বাধিকারী বাধন হাসান। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বাধন হাসান উল্লেখ করেন, রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকাল ১১টার দিকে দোকানে এসে নতুন তালা লাগানো দেখতে পান। পরে ওই তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, দোকানে থাকা ৫২টি স্মার্টফোন নেই।
তার অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে মোবাইলগুলো চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতাধীন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন এই ব্যবসায়ী।

এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “এই ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগকারীর সঙ্গেও কথা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়