বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মেহেদী হাসানকে সমন্বয়ক করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাপার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, স্থায়ী সদস্য শোভন কমলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন নাছির উদ্দিন, শেহান রাজ্জাক সঞ্জয়, আকাশ খান, সোহেল রানা, শামীম আলম সাজিদ, কাজী কর্নিয়া, শাকিল প্রধান, জাহিদ নোমান, জান্নাতুল আভা, আরমান হোসেন ও বকুল বিশ্বাস। সমন্বয়কের পাশাপাশি ৩২ জনকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত এ কমিটি সিদ্ধিরগঞ্জের পরিবেশগত সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বায়ু ও শব্দদূষণ, জলাশয় ও খাল দখল, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নের অভাব পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা সমাধানে জনসচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সিদ্ধিরগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা।





































