শীতলক্ষ্যায় কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শীতলক্ষ্যা নদীতে পলি জমে নাব্যতা অনেক কমে গেছে। এমন পরিস্থিতিতে শহরের ব্যস্ততম এলাকায় কনটেইনার পোর্ট নির্মাণের কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, খানপুর এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বার একাডেমি হাইস্কুল রয়েছে। কাছেই সরকারি তোলারাম কলেজ ও মহিলা কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে। এমনিতেই এসব এলাকায় যানজট লেগে থাকে। এর মধ্যে কনটেইনার পরিবহনের ট্রেইলার ও পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
পানগাঁও কনটেইনার টার্মিনালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পানগাঁও কনটেইনার টার্মিনাল কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় ও অনিয়মের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
মাহবুবুর রহমান ইসমাইল হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিল করা না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী রমজানুর রশিদ, আবেদুর রহমান আরিফ, হাজী রুহুল আমিন, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি, ইকবাল হোসেন ও মো. মিন্টু মিয়া।
এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিল এবং জনস্বার্থ বিবেচনায় প্রকল্পটি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়।





































