১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪৯, ১৫ অক্টোবর ২০২৬

কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রিয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

এর আগে একই দিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজের বোন রোজিনা ও তাঁর স্বামী শরীফ।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার রিয়াজের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় রনি নামে আরেক যুবকের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রী এবং দুপুরে রিয়াজের মৃত্যু হয়।

সর্বশেষ

জনপ্রিয়