১২ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০০, ১২ অক্টোবর ২০২৬

প্রি-পেইড মিটার বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

প্রি-পেইড মিটার বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিল, নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।

বক্তারা বলেন, ‘প্রাচ্যের ডান্ডি’খ্যাত নারায়ণগঞ্জ জাতীয় রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার পর থেকে উন্নয়নের ক্ষেত্রে নানা অবহেলার শিকার হয়ে আসছে। শিল্পসমৃদ্ধ এ জেলার নাগরিকরা দীর্ঘদিন ধরে যানজট, গ্যাস-পানির সংকট, অপর্যাপ্ত চিকিৎসাসেবা ও নানা অবকাঠামোগত সমস্যায় ভুগছেন।

সভাপতির বক্তব্যে নুরউদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। জেলার অর্থনৈতিক গুরুত্ব ও জনসংখ্যা বিবেচনায় নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার পাশাপাশি নাগরিক সেবার মান বাড়াতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা আবাসিক গ্রাহকদের জন্য প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ, মাদক নির্মূল, পর্যাপ্ত খেলার মাঠ, আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

স্মারকলিপিতে উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণি থেকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করা, আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা ও খেলার মাঠের ব্যবস্থা করা, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গোদনাইলের ভবঘুরে কেন্দ্র সচল করা।

এ ছাড়া যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত করা, বাসস্ট্যান্ড ও রেল চলাচল চাষাঢ়ায় স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, ১ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর এবং নারায়ণগঞ্জ শহর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানানো হয়।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে পুরোনো পানি ও গ্যাসের পাইপলাইন পরিবর্তন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, মীরজুমলা রোড ও শায়েস্তা খান সড়ক হকারমুক্ত করা, পুরোনো কোর্ট এলাকার অব্যবহৃত বহুতল ভবনে বার্ন ইউনিট, হার্ট সেন্টার, কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আধুনিক চক্ষু হাসপাতাল স্থাপন।

পাশাপাশি নারায়ণগঞ্জে অবস্থিত রাজউকের সম্পত্তি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন মাহমুদ, যুগ্ম সম্পাদক ও শ্রমিক নেতা মাহমুদ হোসেন, উপদেষ্টা ও দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সহসম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, গোলাম রসুল রফিক, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন দেওয়ান, মো. সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. শওকত আলী ও অ্যাডভোকেট মুন্নি সরকার।

এ সময় সংগঠনের সহসভাপতি আব্দুস সাত্তার ভুট্টু ও আব্দুল সরদার, ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন জুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওহাদুজ্জামান জামান, সমাজকল্যাণ সম্পাদক রাজীউদ্দীন আহম্মদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়