জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশক্তি
জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।
মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।
জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ মহানগর ইউনিটের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইউনিটের সদস্য সচিব সারফারাজ হক সজীব ও মহানগর ইউনিটের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





































