১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১৪ অক্টোবর ২০২৬

যানজট নিয়ন্ত্রণে স্বস্তি, তবুও রয়ে গেছে শঙ্কা

যানজট নিয়ন্ত্রণে স্বস্তি, তবুও রয়ে গেছে শঙ্কা

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসন ও অবৈধ অটোরিকশার প্রবেশ ঠেকাতে সিটি করপোরেশনের ডিজিটাল নম্বরপ্লেট চালুর প্রায় দুই সপ্তাহ পর নগরীর সড়কগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। গত ১ অক্টোবর থেকে নম্বরপ্লেটযুক্ত অটোরিকশা চলাচল শুরু হলেও শহরের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সিটি করপোরেশনের নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা চলে যাওয়ায় সড়কে কোনো শৃঙ্খলা থাকছে না এবং নম্বরপ্লেটবিহীন গাড়িগুলো অবাধে প্রবেশ করায় অফিসফেরত মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, চাষাঢ়ার ল্যাবএইড হাসপাতালের সামনে যানবাহনের চাপ তুলনামূলক কম। ঢাকা থেকে আসা বাসগুলো সেখানে যাত্রী নামালেও খানপুরমুখী সড়কে উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি। তবে দুই নম্বর রেলগেট থেকে আসা মিশুকগুলো চাষাঢ়া চত্বর থেকে ইউটার্ন নিয়ে পুনরায় ফেরার সময় মোড়ে সাময়িক জট সৃষ্টি করছে। মিশুকচালক মোহাম্মদ জেনি ও যাত্রী অপূর্ব সেন জানান, দিনের বেলা দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পথে যাতায়াতে বড় ধরনের ভোগান্তি না হলেও মোড়ে মাঝে মাঝে যানবাহনের গতি কমে যাচ্ছে।

সড়কের এই ব্যবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চাকরিজীবী মোহাম্মদ হাসিব বলেন, "সকালে কর্মস্থলে যাওয়ার সময় কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যার পর বাসায় ফেরার পথে সেই আগের মতোই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ সন্ধ্যার পরে আর সিটি করপোরেশনের লোক বা তদারকি থাকে না।"

অন্যদিকে দুই নম্বর রেলগেট এলাকায় দেখা যায়, ঢাকাগামী বাসগুলো চার-পাঁচ মিনিট পরপর যাত্রী তোলার জন্য অবস্থান নেওয়ায় বিপরীত দিকের যানবাহনকে সাময়িক অপেক্ষা করতে হচ্ছে। সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকেরা জানান, দিনভর নম্বরপ্লেটবিহীন বেশ কিছু অটোরিকশা শহরে প্রবেশের চেষ্টা করায় সেগুলোকে জরিমানা না করে কেবল ঘুরিয়ে দেওয়া হয়েছে।

চাষাঢ়া মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ দেলোয়ার ও হামিদুল জানান, সড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও আগের চেয়ে অটোরিকশার চাপ ও উপস্থিতি কিছুটা বেড়েছে। নম্বরপ্লেটবিহীন অটোরিকশার বিরুদ্ধে কঠোর ও নিয়মিত নজরদারি করা না হলে যানজট পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করে নম্বরপ্লেট ছাড়া অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা এবং গাড়ি জব্দের সতর্কবার্তা দেওয়ার পর ১ অক্টোবর থেকে ডিজিটাল নম্বরপ্লেটযুক্ত অটোরিকশা চালু হয়। শুরুতে বঙ্গবন্ধু সড়কসহ প্রধান সড়কে যানজট কমলেও দুই সপ্তাহের মাথায় বিশেষ করে রাতের বেলায় অবৈধ গাড়ির দাপটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
নগরবাসীর মতে, নম্বরপ্লেট চালুর পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নম্বরপ্লেটবিহীন গাড়ি প্রবেশ বন্ধে সব সময়ে কঠোর তদারকি প্রয়োজন।

সর্বশেষ

জনপ্রিয়