মাছের আড়ত-বাজারে অভিযান, ইলিশ-পিরানহা জব্দ
নারায়ণগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ কেজি মা ইলিশ ও ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় পিরানহা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত এবং বাজারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ। অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
অভিযানকালে নগরের ৩ নম্বর মাছঘাট আড়তে পিরানহা বিক্রির দায়ে সুজন হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর বাড়ি বন্দর উপজেলায়। এ সময় ১০ কেজি পিরানহা জব্দ করা হয়।
এ ছাড়া ফতুল্লার পাগলা বাজারে ফেরি করে মাছ বিক্রির সময় চারজনের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি মা ইলিশ জব্দ করে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।





































