সোনারগাঁয়ে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ড্রেজারের গ্রিজার আব্দুল খালেক (২৪) ও লিভারম্যান আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। আমিরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।
নৌ পুলিশ জানায়, একটি চক্র মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতকদের মধ্যে রয়েছেন ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫), লিভারম্যান শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর ও এনামসহ অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজন। আবু মুকিত শুভ রাজশাহীর বাগমারা উপজেলার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে এবং শাহ আলম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে।
অভিযানে ‘এম-০১-২৬২২’ নম্বরের কাটিং ড্রেজারসহ জব্দ করা সরঞ্জাম ও বালু-মাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





































