১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২২, ১৪ অক্টোবর ২০২৬

নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন

নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ডে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রথমে চাষাঢ়ার বাগে জান্নাত মহল্লা এবং পরে মিশনপাড়া এলাকায় পৃথক দুটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ভোগান্তি লাঘবে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটি মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলা হবে। ১২ নম্বর ওয়ার্ডসহ নগরীর সব ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নাসিকের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি শামসুল হক বাচ্চু, ভবানী রায়, ফারুক আহম্মদ রিপন, সদস্য রহমত উল্লাহ লিটন, রুবেল, হাজী কালাম ও হাফেজ মুক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নাসিক ঠিকাদার সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সহসভাপতি ও নাসিক ঠিকাদার আক্তার হোসেন সবুজ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহসভাপতি মাসুম খান ও মাহবুব হাসান জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন মাহমুদ উন্নয়নকাজের উদ্যোগ নেওয়ায় নাসিক প্রশাসককে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

সর্বশেষ

জনপ্রিয়