১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৩, ১০ অক্টোবর ২০২৬

’এ বি সিদ্দিক নামটি নাগরিক আন্দোলনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছেʼ

’এ বি সিদ্দিক নামটি নাগরিক আন্দোলনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছেʼ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে যৌতুকবিরোধী আন্দোলন, পরিবেশ রক্ষা ও নগরীর নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিনের সংগ্রাম নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অ্যাডভোকেট এ বি সিদ্দিক। তাঁর দীর্ঘদিনের সামাজিক ও নাগরিক আন্দোলনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সংবর্ধনা দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এ বি সিদ্দিক নামটি এখন নাগরিক আন্দোলনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে নগরীর ডিআইটিতে আলী আহমদ চুনকা পৌর মিলনায়তনে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা ন্যাপের সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিককে এ সংবর্ধনা দেওয়া হয়।

এফবিসিসিআইয়ের প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিদারুল আলম এবং ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ।

বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ ও জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক দীপুসহ অন্যরা।

বক্তারা বলেন, এ বি সিদ্দিক সারা জীবন নিজের স্বার্থের কথা না ভেবে মানুষের অধিকার ও নগরীর স্বার্থে কাজ করেছেন। ৮০ বছর বয়সেও তিনি নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার রয়েছেন। চাষাঢ়ার ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি সরিয়ে রাস্তা সোজা করার দাবিতে আন্দোলন এবং খানপুরে কনটেইনার পোর্ট স্থাপনের উদ্যোগের বিরোধিতার প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, নাগরিক স্বার্থে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিভিন্ন হুমকি-ধমকি উপেক্ষা করে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে তাঁর ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন বক্তারা। তাঁরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এ বি সিদ্দিক কখনো পিছপা হননি। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর মতো আরও নাগরিক আন্দোলনকর্মী তৈরি হলে নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে।

সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট এ বি সিদ্দিক নগরীর যানজট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নাগরিক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়