০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৯ অক্টোবর ২০২৬

নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে ফতুল্লায় সমাবেশ

নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে ফতুল্লায় সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। ঢাকায় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদেও এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ফতুল্লার রেললাইন বটতলায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।

এ ছাড়া বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান এবং বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন।

বজলুর রশিদ ফিরোজ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি থাকায় এ ইজারা চুক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, টার্মিনাল পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার এ চুক্তি করছে। বন্দর ইজারা চুক্তির দিনটিকে ‘কালো দিন’ উল্লেখ করে তিনি ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিমবাজার কুঠি’ হিসেবে আখ্যা দেন। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, জনগণ একদিন তাঁদের বিচারের মুখোমুখি করবে।

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তাঁরা দাবি করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

তারা আরও বলেন, বন্দর ইজারা চুক্তি বাতিল না হলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী, দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় সমাবেশ সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়