নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির আত্মপ্রকাশ, সভাপতি প্রদীপ সম্পাদক বিজয়
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটি’। নবগঠিত সংগঠনটির সভাপতি হয়েছেন প্রদীপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ রাজা লক্ষ্মীনারায়ণ মন্দিরের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকার বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। যুগ যুগ ধরে এ মাটিতে সনাতন ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করে আসছেন। বিশেষ করে দুর্গাপূজা, রথযাত্রা ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়ে আসছে।’
তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের পরিধি বেড়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং ধর্মীয় উৎসবগুলো তৃণমূল পর্যায়ে আরও সুশৃঙ্খল ও আনন্দমুখর করতে সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন সংগঠন হিসেবে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কার্তিক ঘোষ। সহসভাপতি হিসেবে রয়েছেন সুশীল চন্দ্র দাস, নিতাই দত্ত, সমীর চন্দ্র দাস, সমর সাহা ও চন্দনা দাস।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক সমর আইচ, দপ্তর সম্পাদক জগন্নাথ ঘোষ, পূজা ও শাস্ত্র সম্পাদক চিন্ময় মহান্ত ব্যানার্জী, সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার সাহা, কোষাধ্যক্ষ কৃষ্ণা সাহা, সহকোষাধ্যক্ষ মদন সাহা এবং সহনারী ও শিশু সম্পাদক হয়েছেন চন্দনা ঘোষ।
সংগঠনের নেতারা জানান, ধর্মীয় উৎসবগুলো সুশৃঙ্খলভাবে উদ্যাপন, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে নবগঠিত এ কমিটি।





































