১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১০, ১০ অক্টোবর ২০২৬

৫৬৫ চাঁদাবাজ ও ৪০৮ আলোচিত সন্ত্রাসী

এসআরবি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল

এসআরবি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল
এআই ছবি

দেশজুড়ে চিহ্নিত চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীদের তালিকায় শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সংস্থাটির তালিকায় থাকা ৩ হাজার ৫৮৬ জন চাঁদাবাজের মধ্যে ৫৬৫ জন এবং ২ হাজার ২৫৮ জন আলোচিত সন্ত্রাসীর মধ্যে ৪০৮ জনের নাম রয়েছে এসআরবি-১১-এর আওতাধীন এলাকায়।

গত ১০ সেপ্টেম্বর প্রস্তুত করা ‘ব্যাটালিয়ন অনুযায়ী আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছিনতাইকারীর সামারি’ শীর্ষক নথিতে এসব তথ্য উঠে এসেছে। এসআরবির ১৫টি ব্যাটালিয়নের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসী উভয় তালিকাতেই সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর অধিক্ষেত্রে নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট অংশ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকা রয়েছে। ফলে তালিকাভুক্ত ৫৬৫ জন চাঁদাবাজ ও ৪০৮ জন আলোচিত সন্ত্রাসীর সবাই নারায়ণগঞ্জ জেলার নন। এই সংখ্যা আট জেলার আওতাধীন এলাকার সম্মিলিত হিসাব।

অন্যদিকে দেশজুড়ে চিহ্নিত ২ হাজার ২৫৮ জন আলোচিত সন্ত্রাসীর তালিকায়ও সর্বোচ্চ ৪০৮ জন রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের এসআরবি-১১-এর আওতায়। 

এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি না করে তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এসআরবির লক্ষ্য।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, শিল্পাঞ্চলে চাঁদাবাজি ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গত দুই মাসে চাঁদাবাজির মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ও ছিনতাইকারী দমনেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী নেতাও রয়েছেন। তাঁদের কারও কারও বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলার তথ্য রয়েছে।

তবে এসআরবি-১১-এর আওতাধীন আট জেলার কোন জেলায় কতজন চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর নাম রয়েছে, তা প্রকাশিত নথির সারসংক্ষেপে পৃথকভাবে উল্লেখ করা হয়নি। ফলে নারায়ণগঞ্জ জেলায় এককভাবে কতজন তালিকাভুক্ত রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল প্রকাশিত এসআরবির আগের তালিকায় নারায়ণগঞ্জ অঞ্চলে ১১০ জন চাঁদাবাজের নাম থাকার তথ্য উঠে এসেছিল। সে সময় সারা দেশে ৬৫০ জনের বেশি চাঁদাবাজকে চিহ্নিত করার কথা জানিয়েছিল সংস্থাটি। পাঁচ মাসের ব্যবধানে ১০ সেপ্টেম্বর প্রস্তুত করা নতুন তালিকায় এসআরবি-১১-এর আওতাধীন এলাকায় চাঁদাবাজের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে। অর্থাৎ আগের তুলনায় তালিকাভুক্ত নাম বেড়েছে ৪৫৫টি।

সর্বশেষ

জনপ্রিয়