১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১০ অক্টোবর ২০২৬

শ্রমিক লীগ থেকে তাঁতী দলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার

শ্রমিক লীগ থেকে তাঁতী দলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের আহ্বায়ক মো. মকবুল হোসেন ও সদস্যসচিব মো. নবী নূর স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের সদস্য থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অভিযোগ রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসানের বিরুদ্ধে।

তাঁতী দলের নেতাদের দাবি, ইদ্রিস হাসান মোল্লা নামে শ্রমিক লীগের সদস্য থাকার তথ্যসহ তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততার বিভিন্ন প্রমাণ সংগঠনের কাছে এসেছে। এসব তথ্য পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে আরও বলা হয়, ইদ্রিস হাসানের সঙ্গে তাঁতী দলের অন্য কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা কিংবা একই ধরনের অভিযোগ পাওয়া গেলে সেসব বিষয়েও তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা ইদ্রিস হাসানকে থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল তাঁতী দল।

সর্বশেষ

জনপ্রিয়