০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২২, ৮ অক্টোবর ২০২৬

ত্বকী হত্যার ১৬৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে আলো প্রজ্বলন

ত্বকী হত্যার ১৬৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে আলো প্রজ্বলন

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৬৩ মাস পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় প্রতিবাদ ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ত্বকী ছাড়াও সাংবাদিক দম্পতি সাগর-রুনি, কুমিল্লার তনু এবং নারায়ণগঞ্জে নিহত আশিক, চঞ্চল, বুলু ও মিঠুসহ চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, সাড়ে ১৩ বছর ধরে ত্বকী হত্যার বিচার দাবি করে আসছেন তারা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে প্রভাবশালী একটি পরিবারের মাধ্যমে ত্বকী হত্যার বিচার বন্ধ রাখা হয়েছিল। সরকার পরিবর্তনের পরও বিচার প্রক্রিয়া এগোচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রফিউর রাব্বি। তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময়েও ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। নারায়ণগঞ্জে আশিক, চঞ্চল, বুলু ও মিঠুসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে শহরকে নিরাপদ করার দাবি জানান তিনি।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, র‌্যাবের তদন্তে ত্বকী হত্যায় আজমেরী ওসমানসহ ১০ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছিল বলে তারা দাবি করে আসছেন। ঘাতকদের চিহ্নিত করার পরও বিচার কেন আটকে আছে, সে প্রশ্ন তুলে তিনি দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে অপরাধ বাড়ছে। নাগরিক হত্যার বিচার না হলে আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যায়। ত্বকীসহ সব হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ত্বকী হত্যার বিচার বন্ধ রাখা হয়েছিল বলে তারা মনে করেন। বর্তমান সময়েও বিচার প্রক্রিয়া এগোচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক ভবানী শংকর রায়, সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক শাহানারা বেগম ও উপদেষ্টা দুলাল সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়